শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

ক্যান্সারের জিন চেনার পথে এক ধাপ


ক্যান্সারের জিন চেনার পথে এক ধাপ

একেকটি জিনের কাজ একেক রকম। কোনো কোনো জিন মানুষের চোখের রং নির্ধারণ করে দেয়। কোনোটি ঠিক করে মানুষের চুল কেমন হবে, কোনোটি ঠিক করে মানুষের উচ্চতা। আবার কোনো কোনো জিন বর্ণান্ধতাসহ বিভিন্ন জটিল ব্যাধির জন্য দায়ী। কিছু কিছু জিন ক্যান্সারের জন্য দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি গবেষকদল এ রকম একটি জিন প্রস্তাব করেছেন। এ বিষয়ে একটি গবেষণাপত্র ছাপা হয়েছে আন্তর্জাতিক জার্নাল ক্যান্সার ইনফরমেটিকসে। এ গবেষণায় তাঁর সঙ্গে আরো কাজ করেন রুহুল আমিন, জেসমিন এবং হাসান জামিল।
চিত্র ১. মেলানোমা পরিবার জিনের একটি প্রোটিন, চিত্র ২ : টেলোমারেজ এনজাইম যেভাবে কাজ করে। এ এনজাইম অনিয়ন্ত্রিত হয়ে গেলে হতে পারে ক্যান্সার।, চিত্র ৩ : মানুষ, শিম্পাঞ্জি আর ওরাং-ওটাং-এর জিন ২-এর মধ্যকার মিল
ক্যান্সারের জন্য দায়ী জিনের এই পরিবারটি হলো মেজ বা মেলানোমা এন্টিজেন পরিবার। এ জিনগুলো বেশির ভাগ ক্ষেত্রে মানুষের এঙ্ ক্রোমোজম, তিন ও পনেরো নম্বর ক্রোমোজমে পাওয়া যায়। ড. আনোয়ার হোসেন পাঁচ নম্বর ক্রোমোজমের একটি অংশে, বিশেষ এই জিন প্রস্তাব করেছেন, যা কি না ক্যান্সার তৈরি করতে পারে। তাঁরা এ গবেষণায় বায়োইনফরমেটিকসের যে পদ্ধতি ব্যবহার করেছেন, তা আধুনিকতম হলেও জটিল নয়। একনজরে দেখে নেওয়া যাক কিভাবে আবিষ্কৃত হলো এ জিনটি।
ধাপ : ১
বায়োইনফরমেটিকসের এ যুগে ইন্টারনেটে বিভিন্ন ডেটাবেইসে প্রায় ১০ মিলিয়ন ডিএনএ অনুক্রম (ডিএনএ সিক্যুয়েন্স) জমা রাখা আছে। সেখান থেকে মানুষের পাঁচ নম্বর ক্রোমোজমের একটি অংশ নেওয়া হয় বিশ্লেষণের জন্য। এ জন্য এ নমুনা অংশটির ডিএনএর অনুক্রম নেওয়া হয়।
ধাপ : ২
ভাষার জন্য যেমন ব্যাকরণ আছে ঠিক তেমনই ডিএনএর মধ্যে জিন একটি বিশেষ নিয়মের মধ্যে পড়তে হয়। কোনো জিনের শুরুতে থাকে একটি ‘শুরু’ নির্দেশ। শেষে থাকে ‘শেষ’ নির্দেশ। এ দুই নির্দেশের মধ্যে থাকে জিনের মূল নির্দেশনাটি, যা অনুসরণ করে কোষ কোনো কিছু তৈরি করবে। ডিএনএর মধ্যে কোনো জিন খুঁজতে হলে এ বিশেষ জায়গাগুলো খুঁজে বের করতে হয়। এ জন্য ইন্টারনেটে অনেক প্রোগ্রাম আছে। এ রকম একটি হলো ঘঈইওর ঙজঋ ঋরহফবৎ। এটিসহ অন্যান্য প্রোগ্রাম ব্যবহার করে ক্রোমোজম পাঁচের ব্যবহৃত নমুনা অংশের মধ্যে নতুন দুটি জিন খুঁজে পাওয়া যায়। এদের নাম দেওয়া হয় জিন ২ ও জিন ৩।
ধাপ : ৩
জিন ২ ও জিন ৩ এর ডিএনএর মধ্যে এমন কিছু জায়গা দেখা গেল, যা অন্যান্য পরিচিত অনেক জিনেও দেখা যায়।
ধাপ : ৪
যেসব জিন বিবর্তনীয় দিক দিয়ে কাছাকাছি থাকে, তাদের জিনের মধ্যেও মিল থাকে। বিবর্তনীয় কারণে মানুষ, শিম্পাঞ্জি ও ওরাং-ওটাং অত্যন্ত কাছাকাছি। এই তিনটি প্রাণীর ক্রোমোজম পাঁচ পরীক্ষা করে দেখা গেল এদের জিন ২-এর মধ্যে পার্থক্য খুবই সামান্য।
ধাপ : ৫
জিন ২-এর কাজ আসলে কী তা খোঁজা শুরু হয় এ ধাপ থেকে। এ জন্য জিন ২-কে মেজ পরিবারের একটি জিন মেজ ই১ এর সঙ্গে তুলনা করে দেখা হয়। দেখা যায়, এ জিন দুটির মধ্যে মিল ৩৮ থেকে ৪১ শতাংশ। আপাতদৃষ্টিতে এ মিলটি কম মনে হলেও কোনো জিন পরিবারের সদস্যদের মধ্য অনেক সময় অনুক্রমীয় মিল ২০ শতাংশেরও কম হতে পারে।
ধাপ : ৬
জিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর মধ্যে কোনো বিশেষ অনুক্রম পুনরাবৃত্তি করতে পারে। একেক জিনের পুনরাবৃত্তির ধরন একেক রকম। জিন ২ এবং মেজ ই১ জিনের মধ্যে একই ধরনের পুনরাবৃত্তি খেয়াল করা যায়।
ধাপ : ৭
জিন থেকে তৈরি হয় প্রোটিন। প্রোটিন গঠনের অনেক ধাপ থাকে। যেসব প্রোটিন একই ধরনের কাজ করে তাদের গঠন একই বা কাছাকাছি ধরনের হয়ে থাকে। এ ধাপে জিন ২ এবং মেজ ই১ জিনের দ্বিমাত্রিক গঠন তুলনা করে উল্লেখযোগ্য মিল খুঁজে পাওয়া যায়।
ধাপ : ৮
এই সর্বশেষ ধাপে জিন দুটির বিভিন্ন জৈবিক, আণবিক ও কোষীয় বৈশিষ্ট্য তুলনা করা হয়। এ ধাপেও তাদের মধ্যে বিভিন্ন মিল খুঁজে পাওয়া যায়।
বিভিন্ন পর্যালোচনা ও বিশ্লেষণ করে সংগতভাবেই অনুমান করা যায় যে জিন ২-টি মানুষের টেলোমারেজ উৎসেচকটিকে অনিয়ন্ত্রিত করে ক্যান্সারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উৎসেচক অনিয়ন্ত্রিত হলে অস্বাভাবিক কোষ বৃদ্ধি হয়ে ক্যান্সার হতে পারে। এ জিনটির সঙ্গে মেজ পরিবারের জিনের অনেক মিল খুঁজে পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে সত্যি সত্যিই এ জিনটি ক্যান্সারে যুক্ত কি না তা নিয়ে বিস্তারিত গবেষণার প্রয়োজন আছে।
আমরা এমন একটি সময়ে বসবাস করছি যখন মানুষে সম্পূর্ণ ডিএনএতে কী লেখা আছে তা জানা হয়ে গেছে। এখন জীববিজ্ঞানীদের লক্ষ্য এ ডিএনএর পাঠোদ্ধার করা। মানুষের বেশ কিছু জিন আবিষ্কার হয়ে গেলেও এখনো এ কাজের বাকি অনেক। বায়োইনফরমেটিকস এ কাজের একটি প্রধান হাতিয়ার। বাংলাদেশে বায়োইনফরমেটিকস এখন শৈশব পার করছে। তবে আশার কথা, ইতিমধ্যে অনেক তরুণের মধ্যে আগ্রহ সঞ্চার করেছে বায়োইনফরমেটিকস। সম্প্র্রতি বাংলাদেশে পাটের জিনোম সিকুয়েন্সিংয়ের মতো বড় কাজ হয়ে গেছে। পাশাপাশি ক্যান্সারের জিন আবিষ্কারের সম্ভাবনা একটি বড় মাইলফলক হয়ে থাকবে
তথ্যসূত্র : ক্যান্সার ইনফরমেটিকসে প্রকাশিত গবেষণাপত্র

অপবিজ্ঞানের বিরুদ্ধে বিজ্ঞানচর্চা

আজকাল প্রায় সব দৈনিক পত্রিকাতেই রাশিফল দেয়া হয়। রাশিফল বলে দেয় মানুষের ভাগ্যে কি আছে। তাছাড়া, মানুষের ভাগ্য নাকি তার জন্মের সময়েই ঠিক হয়ে যায়। জন্মের সময় আকাশে গ্রহনক্ষত্রের অবস্থানই নাকি মানুষের ভাগ্য রচয়িত।
এছাড়া আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দেখি হরলিকস খেলে না কি ছেলে মেয়েরা ‘লম্বা-শক্তিশালী-বুদ্ধিমান’ হয়ে যায়। ডেটল সাবান না কি ৯৯% জীবাণু মেরে ফেলে। ফেয়ার-এন্ড-লাভলী (অথবা ফেয়ার-এন্ড-হ্যান্ডসাম) নাকি গায়ের রঙ ফর্সা করতে পারে।
বলা বাহুল্য, উপরের কোনটাই সত্য নয়। পৃথিবীর উপর গ্রহ-নক্ষত্রের কেবল অতি সামান্য মাধ্যাকর্ষণ শক্তি আছে। এছাড়া অন্য কোন প্রভাব নেই। বাড়ন্ত ছেলে-মেয়েদের দিনে যে পরিমাণ পুষ্টি লাগে, হরলিকস দিয়ে তা পুরণ করা যায় না। পানিতে এক চামুচ হরলিসকস গুলিয়ে খেলে এই পুষ্টি পুরণ হবে না। প্রয়োজন সুষম খাদ্য।হরলিকস দিয়ে এই পুষ্টি পুরণ করতে গেলে মুঠো মুঠো হরলিকস খেতে হবে।
আর আমাদের দেহের অধিকাংশ অনুজীবই উপকারী। তারা ক্ষতিকর ব্যাক্টেরিয়াদের বিপক্ষে যুদ্ধ করে। তাই ডেটলের দাবী সত্য হলে সে অধিকাংশ উপকারী ব্যাক্টেরিয়া মেরে ফেলে। তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে।
ত্বকের রঙ নির্ভর করে মেলানিনের উপর। মেলানিন সূর্যের ক্ষতিকর অতিবেগুণী রশ্মি থেকে আমদের বাঁচায়। ফেয়ার-এন্ড-লাভলী ত্বকের মেলানিন কমাতে পারে না। আর যদি কখনো কমায়, তাহলে তা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য ক্ষতিকর হবে। কারণ দেখা গেছে, সাদা চামড়ার মানুষ আমাদের বিষুবীয় ও ক্রান্তীয় অঞ্চলের সূর্যালোকের সংস্পর্শে এলে ত্বকের ক্যান্সার সহ নানা রকমের সমস্যায় ভোগে।
বোঝাই যাচ্ছে, উপরের সকল প্রচারই আসলে আধুনিক কুসংস্কার। এদেরকে বলা হয় অপবিজ্ঞান। সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের একটি ইতিবাচক প্রভাব আছে। তাই বিজ্ঞানের মুখোশ নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা অত্যন্ত সহজ। এই ধারণাগুলো বহুল প্রচারিত হলেও এদের পেছনে কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলো প্রচার করা হয় পণ্য বিক্রির উদ্দেশ্যে। অপ্রয়োজনীয় এসব পণ্য বিক্রির মাধ্যমে মুনাফা লোটা হয়।
এই অপবিজ্ঞানের বিরুদ্ধে সচেতন হওয়া খুবই জরুরী। নিজেরা সচেতন হওয়ার সাথে সাথে এদের বিরুদ্ধে প্রচারণাও প্রয়োজন সাধারণের মধ্যে। কারণ এই অপবিজ্ঞানগুলোর প্রধান শিকার হয় সাধারণ মানুষ।
পাশাপাশি প্রয়োজন বিজ্ঞানচর্চা। বিজ্ঞান, অপবিজ্ঞানের চাইতে অনেক মজার। অনেক আকর্ষণীয়। প্রকৃতি, মহাকাশ, মহাবিশ্ব, মানুষের সমাজ নিয়ে জানার মতো অনেক আগ্রহোদ্দীপক বিষয় আছে। আমরা যদি এসব জানি এবং তা ছড়িয়ে দেই, তাহলে মানুষ বিজ্ঞানমনষ্ক হবে। বিজ্ঞান মনষ্ক মানে এই নয় যে সবাই বিজ্ঞানী হয়ে উঠবে। বিজ্ঞান মনষ্ক মানে বিজ্ঞানীদের মতো চিন্তা করা, তাদের মতো খুটিয়ে দেখা, জানা।
বিজ্ঞানের গল্প মানুষকে যুক্তি দিয়ে চিন্তা করতে শেখায়। তখন সে নিজেই সচেতন হয়ে উঠে তার চারপাশ নিয়ে – বুঝে নেয় কোনটি ঠিক আর কোনটি ভুল। তাই বিজ্ঞান চর্চাই অপবিজ্ঞানের বিরুদ্ধে সবচাইতে ভালো প্রতিষেধক।
মহাবিশ্বে অবাক হয়ে প্রশ্ন করার মতো অনেক কিছু আছে।
- আফ্রিকাতে একধরনের মাছ আছে যারা কি না অন্ধ। তারা চারপাশে এক ধরনের বিদ্যুৎক্ষেত্র তৈরি করে। এই ক্ষেত্রে সামান্য পরিবর্তনের মাধ্যমে তারা শিকারকে খুঁজে নেয়। এই ক্ষেত্র ব্যবহার করে তারা একে অন্যের সাথে যোগাযোগ করে।
- কবুতরেরা চৌম্বকক্ষেত্রের সামস্যতম পরিবর্তন বুঝতে পারে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের যে ক্ষমতা, তার এক সহস্রাংশের পরিবর্তন তারা অনুভব করতে সক্ষম। চারপাশের বস্তু, পথ চিনতে তারা এই ক্ষমতা ব্যবহার করে।
- গ্যালাক্সীগুলোর কেন্দ্রে কোয়াসার অচিন্তনীয় বিষ্ফোরণ সৃষ্টি করে। এ বিষ্ফোরণ চার পাশের অনেক গ্রহকেই ধ্বংস করে দেয়।
- পূর্ব আফ্রিকায় আগ্নেয়গিরির ঠান্ডা হয়ে যাওয়া লাভায় মানুষের পূর্বপুরুষের পদচিহ্ন পাওয়া গেছে। এর বয়স প্রায় সাড়ে তিন লক্ষ বছর। বোঝা যায়, মানুষের ইতিহাস কতো পুরনো।
- আমাদের দেহের প্রতিটি কোষে ডজনখানেক মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া কোষের ‘পাওয়ার হাউজ’ – কোষের শক্তিকেন্দ্র হিসেবে কাজ করে। সাম্প্রতিক প্রমাণ বলছে যে শত কোটি বছর আগে এই মাইটোকন্ড্রিয়া স্বাধীন অনুজীব ছিলো। পরে এরা আরো বড় কোষের মধ্যে ঢুকে পড়ে। বড় কোষ মাইটোকন্ড্রিয়াকে পুষ্টি দেয়, আর মাইটোকন্ড্রিয়া দেয় শক্তি। তার মানে, ব্যাপক অর্থে আমরা একক কোন জীব নই। ভিন্ন ভিন্ন রকমের প্রায় এক হাজার কোটি একক জীবের সমন্বয় আমরা – একটি জৈব যন্ত্র।
বিজ্ঞান চর্চার এবং অপবিজ্ঞানের বিরুদ্ধে প্রচারণা বিজ্ঞান নির্ভর নতুন দেশ গড়ে তুলবে।
তথ্যসূত্র Broca’s Brain by Carl Sagan